“আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে” — চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান“আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে” — চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান।
জাহিদুল ইসলাম//
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে?” তিনি জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১ জুলাই) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, চাঁদপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভার শেষে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং জনস্বার্থে জেলা পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।