মোঃ নূরে আলম//
যেখানে অসচেতনতা আর অজ্ঞতা প্রতিদিন কেড়ে নেয় সুস্থ জীবনের সুযোগ, সেখানে আলোর মশাল হাতে এগিয়ে এসেছে কিছু স্বপ্নবাজ তরুণ-তরুণী। “Care for Her, Care for All” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আট জন তরুণ-তরুণীর উদ্যোগে যাত্রা শুরু হয় উন্নয়নমূলক সংগঠন “প্রত্যয় :: Protyoy” এর। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা হলেন মাহিন আলম আম্মান, এহতেশাম কবীর তৃ, শোহার্তো আলম প্রান্তি, মো. ফাহিম ইসলাম, ইসরাত জাহান মীম, মোঃ মাহফুজুর রহমান, মুনতাহিনা মেজবা মুমু এবং আফসানা আক্তার মিমি। তাদের বিশ্বাস, জ্ঞান ও সচেতনতাই পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে। সেই বিশ্বাসের পথ ধরেই গত ৩ জুলাই ২০২৬ তারিখে রাজধানীর করাইল বস্তিতে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসচেতনতামূলক পঞ্চম ও ষষ্ঠ কর্মশালা।
সংগঠনের সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন তরু শাহরিয়ার স্বর্গ, যিনি একজন উন্নয়নকর্মী, গবেষক ও শিক্ষাবিদ।
পঞ্চম কর্মশালায় ডেঙ্গু, হাম (Measles) এবং যৌনবাহিত রোগ (STD) বিষয়ে আলোচনা করেন প্রত্যয় এর সহ-প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজুর রহমান, যিনি সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তিনি বলেন, “প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।” ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। হাম প্রসঙ্গে তিনি বলেন, সময়মতো টিকা না নেওয়াই এই রোগ বৃদ্ধির অন্যতম কারণ এবং অভিভাবকদের জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান। যৌনবাহিত রোগ বিষয়ক আলোচনায় গনোরিয়া, সিফিলিস ও এইডস সম্পর্কে সচেতনতা তৈরি করা হয় এবং নিরাপদ ও দায়িত্বশীল জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাসপাতাল, সেলুন ও বিউটি পার্লারে ব্যবহৃত ধাতব যন্ত্রপাতি যথাযথভাবে জীবাণুমুক্ত কিনা তা নিশ্চিত করার বিষয়েও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
ষষ্ঠ কর্মশালার প্রতিপাদ্য ছিল “নিরাপদ পানি, সুস্থ পরিবার”। একটু পানি, কিন্তু তার বিশুদ্ধতাই পারে একটি পরিবারকে রোগমুক্ত রাখতে। এই সহজ সত্যটি মানুষের কাছে পৌঁছে দিতে কর্মশালাটি পরিচালনা করেন প্রত্যয়-এর সহ-প্রতিষ্ঠাতা ও উন্নয়নকর্মী শোহার্তো আলম প্রান্তি ও মাহিন আলম আম্মান। তারা বলেন, “নিরাপদ পানি একটি সুস্থ পরিবারের অন্যতম প্রধান ভিত্তি। বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের অভ্যাস গড়ে তোলা গেলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।” কর্মশালায় নিরাপদ পানি সংগ্রহ, বিশুদ্ধকরণ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বালি, কাঠকয়লা, নুড়ি পাথরসহ সাতটি স্তর ব্যবহার করে প্রাকৃতিক ফিল্টার তৈরির পদ্ধতি ভিডিও প্রদর্শনী ও সরাসরি ডেমোনস্ট্রেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া ফুটিয়ে পানি বিশুদ্ধ করা, ফিটকিরি ও ক্লোরিন ট্যাবলেটের সঠিক ব্যবহার সম্পর্কেও বাস্তবভিত্তিক নির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং নিজেদের পরিবারে নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা মিরপুর এর উপদেষ্টা জনাব অপূর্ব বড়ুয়া। কর্মশালা শেষে তিনি বলেন, এই ধরনের কার্যক্রম অত্যন্ত মহৎ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
প্রত্যয়-এর পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সংগঠনটি ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। একটুকরো সচেতনতা, একটুখানি সাহস এভাবেই বদলে যেতে পারে অনেকগুলো জীবনের গল্প।