সীমান্তরক্ষী বাহিনীতে (বিজিবি) কর্মরত থাকার সুযোগ নিয়ে ভারতীয় অবৈধ মালামাল কম দামে এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাখাওয়াত হোসেন সুজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নে  (রামু করের বাড়ির পাশে) জয়নাল পাটোয়ারীর ছেলে সাখাওয়াত হোসেন সুজন দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছেন বলে স্থানীয় ভুক্তভোগীরা জানান। সুজন পেশায় একজন বিজিবি সদস্য হলেও বর্তমানে তিনি পরিবার নিয়ে নিজের কর্মস্থলে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে ডিউটির সুযোগ কাজে লাগিয়ে তিনি এলাকার মানুষকে ভারতীয় শাড়ি, পোশাক, মসলা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী স্বল্প মূল্যে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শুরুতে বিশ্বস্ততা অর্জন করে এবং সীমান্তে তার যোগাযোগের কথা বলে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম বিপুল অঙ্কের টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও পণ্য বা টাকা কোনোটাই ফেরত দেন না। অভিযোগ রয়েছে, এলাকার বহু মানুষ ইতিমধ্যে তার এমন চটকদার কথার ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

ভুক্তভোগীরা জানান, বাহিনীর মতো একটি সম্মানজনক পেশার পরিচয় ব্যবহার করে তিনি দিনের পর দিন মানুষকে ঠকিয়ে আসছেন। তার এই অপকর্মের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীকে এই ধরনের প্রতারকের মিষ্টি কথা ও প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে, কোনো প্রকার আর্থিক লেনদেন করার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও সত্যতা যাচাই করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।