চাঁদপুর শহর থেকে আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়ি থেকে তাকে উদ্ধার করে সদর মডেল থানা পুলিশের একটি দল।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক গাজী কালাম জানান, গত দুই দিনের চেষ্টার পর আলোচিত এই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। চাঁদপুরে কাউকে কিছু না বলে গ্রামের বাড়িতে কেন, জবাব দিচ্ছেন না পিন্টু দাস।
এর আগে হঠাৎ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে আত্মগোপনে চলে যান পিন্টু দাস। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক হইচই শুরু হয়। পরে পিন্টুর নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনায় বাড়ির মালিক সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার কাছে অনেকে স্বর্ণ বন্ধক রেখে নগদ টাকা নিতেন। সাধারণ মানুষের সেই স্বর্ণ নিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
তবে আত্মগোপনের কারণ বা অভিযোগের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি পিন্টু দাস।