চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি, পলাতক-৩

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের তিন সহযোগী পালিয়ে যায়।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জিটি রোড এলাকায় শফিক ভূঁইয়া বাড়ির ভাড়াটিয়া বোরহানের বাসায় অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ সদস্যরা ইসমাইল হোসেন সাগর (২৮) ও মো. খোরশেদ আলম (২৯)-কে আটক করতে সক্ষম হন। তবে বোরহান (৩৮), রানা এবং রাজিব মাঝি পালিয়ে যায়।

আটক দুই আসামির দেহ তল্লাশি করে ইসমাইল হোসেন সাগরের কাছ থেকে ৫০ পিস এবং মো. খোরশেদ আলমের কাছ থেকে ৪ পিসসহ মোট ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, পলাতক বোরহানের সহযোগিতায় তারা কুমিল্লা থেকে কম দামে ইয়াবা কিনে চাঁদপুরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ২ পিস রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং অবশিষ্ট ৫২ পিস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তী বাদী হয়ে আটক দুইজন ও পলাতক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।