1. themebikroy@gmail.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

জাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত
৬৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে চাঁদপুর শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর শহরের বাসস্টেশন এলাকায় চাঁদপুর সরকারি কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আহনাফ মুহতাসিন বলেন, শুরুতে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে একযোগে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও বন্যার কারণে কয়েকটি অঞ্চলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দেশের আরও কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, বন্যার কারণে ১৯ হাজার ৫৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সুস্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, চলমান পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল রয়েছে। বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য পাঠ্যসূচির বাইরে এবং ইংরেজি ভার্সনভিত্তিক প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নের মানও শিক্ষা বোর্ডের নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের (ছাত্রী শাখা) এইচএসসি পরীক্ষার্থী তাহসিন সুপ্রিয়া বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হচ্ছে না। শিক্ষামন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীবান্ধব ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুর রহমান বলেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বোর্ডের নির্ধারিত মান ও পাঠ্যসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকদের পাঠদান এবং টেস্ট পেপারের আলোকে প্রশ্ন প্রণয়ন করা উচিত ছিল। কিন্তু অনেক প্রশ্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার ধাঁচে হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছে। তিনি বোর্ডের মান অনুযায়ী প্রশ্ন প্রণয়ন, টেস্ট পেপারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন এবং শিক্ষার্থীদের ওপর কোনো পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ না করার দাবি জানান।

খবর পেয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ ও সদর সার্কেলের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং তাদের দাবিগুলো শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের পরামর্শ দেন।

পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম