আসন্ন শারদীয় দুর্গাপূজায় উৎসবের আমেজের সঙ্গে নিরাপত্তার বলয়ও জোরদার করা হচ্ছে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখর হতে যাচ্ছে চাঁদপুরের ২৩২টি পূজামণ্ডপ। প্রতিমা তৈরির কাজ থেকে শুরু করে মণ্ডপ সাজসজ্জা—সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব, উসকানি কিংবা বিশৃঙ্খলা যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট রাখা এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বছর চাঁদপুর জেলায় গত বছরের তুলনায় ৮টি মণ্ডপ বেড়ে মোট ২৩২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ২২৪টি। এর মধ্যে চাঁদপুর পৌর এলাকায় ৩৫টি মণ্ডপে এবং পৌর এলাকার বাইরে আরও ৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বাকি মণ্ডপগুলোতে পূজার আয়োজন করা হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-প্রস্তুতিমূলক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ ও সাশ্রয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে যানজট নিরসন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মণ্ডপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়। মণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপদে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক ও সুনির্দিষ্ট পথ রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হওয়ার সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়।
এ ছাড়া পূজার সময় উচ্চস্বরে ইকো সেট বা মাইক বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ধর্মীয় পরিবেশ ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি মণ্ডপে বৈদ্যুতিক সংযোগ ও আলোকসজ্জায় সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়।
সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, পূজামণ্ডপে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রশাসন ও পুলিশের সঙ্গে পূজা উদযাপন কমিটির সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রাখতে হবে।
পুলিশ সুপার বলেন, যে কোনো সমস্যা হলে আমাদের ফোন নম্বর আপনাদের কাছে আছে, না থাকলে নিয়ে নেবেন। সরাসরি যোগাযোগ করবেন। আইনশৃঙ্খলার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়িয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রতিমার অবয়ব, মণ্ডপের পরিবেশ ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রতিমার আদলের বিষয়ে মনে রাখতে হবে, কোনোভাবেই যেন বিতর্কিত কিছু না থাকে। প্রতিমার মাধ্যমে যাতে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় উসকানিমূলক বার্তা না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার সঙ্গে বাংলা গানের একটি দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে মণ্ডপে ভক্তিমূলক ও মার্জিত বাংলা গান পরিবেশনের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
তিনি বলেন, দুর্গাপূজার সঙ্গে বাংলা গানের এক বিশাল ঐতিহ্য রয়েছে। আমরা যদি বাংলা গান বাদ দিয়ে বিদেশি বা অপসংস্কৃতির দিকে চলে যাই, তবে তা দুঃখজনক। মণ্ডপগুলোতে ভক্তিমূলক ও মার্জিত বাংলা গান বাজানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
পূজার দিনগুলোতে মণ্ডপকেন্দ্রিক যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় সড়ক ব্যবস্থাপনার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। মণ্ডপের সামনে যাতে যানবাহন ও দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি না হয়, সে জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে মণ্ডপের আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়ার ব্যবস্থা রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলার বিভিন্ন এলাকার পূজা প্রস্তুতির চিত্র তুলে ধরেন। তারা মণ্ডপগুলোর নিরাপত্তা, বিদ্যুৎ, সড়ক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার বিষয়ে মতামত দেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।