1. themebikroy@gmail.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

হাইমচরে পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিরিক্ত ভাড়া, যত্রতত্র পার্কিংয়ে চরম ভোগান্তিতে যাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৭০

চাঁদপুরের হাইমচর উপজেলা সদর আলগী বাজার থেকে জেলা শহরে যাতায়াতের প্রধান এবং কার্যত একমাত্র বাহন সিএনজিচালিত অটোরিকশা। বিকল্প গণপরিবহন না থাকায় প্রতিদিন হাজারো মানুষকে এই পরিবহনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী বাছাই, নির্ধারিত স্ট্যান্ডের অভাব এবং কথিত পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্যে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, কার্যকর তদারকির অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে আলগী বাজার সিএনজি পার্কিং এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বহু যাত্রী ছাতা মাথায় নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আশপাশে বেশ কয়েকটি সিএনজি দাঁড়িয়ে থাকলেও অনেক চালক যাত্রী নিতে আগ্রহ দেখাচ্ছিলেন না।

অপেক্ষমাণ যাত্রীরা জানান, বৃষ্টির অজুহাতে স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করা হচ্ছে। অনেক চালক কেবল চাঁদপুর লঞ্চঘাটগামী যাত্রী নিতে আগ্রহী। অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলে কিংবা নির্দিষ্ট গন্তব্যের যাত্রী না হলে অনেককেই সিএনজিতে তোলা হচ্ছে না। এতে জরুরি প্রয়োজনে শহরে যেতে আসা নারী, শিশু, শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, ঈদুল ফিতর, ঈদুল আজহা কিংবা অন্যান্য বড় উৎসবকে কেন্দ্র করে নির্ধারিত ভাড়ার তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হয়। শুধু উৎসব নয়, সামান্য বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ বা যাত্রীর চাপ বাড়লেই ভাড়া বেড়ে যায়। সন্ধ্যার পর অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া দিতে বাধ্য হন যাত্রীরা। বিকল্প পরিবহন না থাকায় অতিরিক্ত অর্থ গুনেও গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্র জানায়, হাইমচর উপজেলা থেকে চাঁদপুর শহরে নিয়মিত চলাচলের জন্য কার্যকর কোনো বিকল্প গণপরিবহন নেই। ফলে সিএনজিচালিত অটোরিকশাই একমাত্র ভরসা। কিন্তু নির্ধারিত ও সুশৃঙ্খল সিএনজি স্ট্যান্ড না থাকায় চালকেরা নিজেদের সুবিধামতো বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং করে সেখান থেকেই যাত্রী ওঠানামা করান।

সরেজমিনে দেখা যায়, আলগী বাজারের কোতওয়াল মোড়, বিসমিল্লাহ মোড়, থানা রোড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। এতে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারী, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের চলাচলেও বিঘ্ন ঘটছে।

ব্যবসায়ীদের অভিযোগ, যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে দোকানে ক্রেতাদের যাতায়াত ব্যাহত হয়। অনেক সময় পণ্য ওঠানো-নামানোতেও সমস্যা তৈরি হয়। বাজারের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে দীর্ঘ সময় সিএনজি দাঁড়িয়ে থাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের মতে, আলগী বাজারের অধিকাংশ জায়গা ব্যক্তি মালিকানাধীন হলেও বাজার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলগী বাজার ব্যবসায়ী কমিটি। বাজারের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ, ভূমি অফিস, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস, ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এসব প্রতিষ্ঠানে সেবা নিতে এলেও সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনার অভাবে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সচেতন নাগরিকদের দাবি, নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন, সিএনজির জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্মাণ, যত্রতত্র পার্কিং বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পরিবহন খাতে কার্যকর তদারকি নিশ্চিত করা হলে সমস্যার অনেকটাই সমাধান সম্ভব।

এ বিষয়ে আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল বলেন, “আলগী বাজার একটি ব্যক্তি মালিকানাধীন বাজার। সরকারি খাস জমি না থাকায় এখানে সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড করা সম্ভব হচ্ছে না। ফলে চালকেরা যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করছেন। এছাড়া সিএনজি প্রাইভেট পরিবহন হওয়ায় সরকারি ভাড়া তালিকা টানানোর সুযোগ নেই। যেখানে আলগী বাজার থেকে চাঁদপুর শহরে যেতে ৭০ থেকে ৮০ টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে বর্তমানে যাত্রীদের ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে এমপি মহোদয় ও প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, “সিএনজি স্ট্যান্ড না থাকা, যত্রতত্র পার্কিং এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়ার পর জেলা আইন-শৃঙ্খলা সভায় ডিসি মহোদয় ও এমপি মহোদয়ের উপস্থিতিতে বিষয়টি উপস্থাপন করেছি। উপজেলা আইন-শৃঙ্খলা সভাতেও এ নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে লাইনম্যান নিয়োগ এবং আনসার সদস্যদের মাধ্যমে পার্কিং নিয়ন্ত্রণের একটি সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেটি বাতিল করা হয়।”

তিনি আরও বলেন, “হাইমচর থেকে চাঁদপুর শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম সিএনজি। এটি প্রাইভেট পরিবহন হওয়ায় প্রশাসনের পক্ষে নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর করা সম্ভব নয়। তবে আলগী বাজারে একটি নির্দিষ্ট সিএনজি স্ট্যান্ড স্থাপন করা গেলে যত্রতত্র পার্কিং এবং অতিরিক্ত ভাড়া আদায় অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম